মঠবাড়িয়ায় আ.লীগের সংঘর্ষের ঘটনায় মামলা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া বাজারে গত শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় স্থানীয় জনতা ক্লাবে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
রুবেল আকন নামের ছাত্রলীগের এক কর্মীকে তুলে নিয়ে মারধর এবং বাজারে জনতা ক্লাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টিকিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামকে প্রধান আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান রফিকুল বাইশকুড়া বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে যান। এ সময় কার্যালয়ের সামনে তাঁর সমর্থক কবির হোসেনকে মারধর করা হয়। এর জেরে দুই পক্ষে সংঘর্ষ হয়। এ সময় কার্যালয়ের পাশের ক্লাবটিতে ভাঙচুর করা হয়। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের কর্মী রুবেল আকন আহত হন। পরে তাঁদের দুজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জনতা ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও টিকিকাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শামীম মাতুব্বর প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যান রফিকুলের নেতৃত্বে জনতা ক্লাবে ভাঙচুর চালানো হয়। তখন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাঙচুর করা হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করে রফিকুল বলেন, ‘আমি একটি সালিসে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের কার্যালয়ে গিয়েছিলাম। এ সময় শামীম মাতুব্বর ও রুবেল আকন আমার কর্মী কবিরকে মারধর করেন। এ নিয়ে তাঁদের সঙ্গে আমার বাগ্বিতণ্ডা হয়। এরপর তাঁরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।’
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার শেখ বলেন, রুবেল আকনের বাবা পান্না মিয়া আকন বাদী হয়ে মামলা করেন। এতে ইউপি চেয়ারম্যান রফিকুলসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ থেকে ১৩ জনকে আসামি করা হয়েছে। গোলাম মোস্তফা নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।