মঠবাড়িয়ায় আগুনে ২ হাজার মুরগি পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া গ্রামের একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডে দুই হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়মাছুয়া গ্রামের খামারমালিক মো. বশির হাওলাদার দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। কয়েক বছর আগে তিনি গ্রামের বসতবাড়ি লাগোয়া মুরগির খামারটি গড়ে তোলেন। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে খামারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা দুই হাজার সোনালি জাতের মুরগি ও মুরগির ছানা, ছয় হাজার ডিমসহ মজুতকৃত মুরগির খাবার ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর আগেই খামারের জীবন্ত মুরগি, ডিম, খাবার ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খামারমালিক মো. বশির হাওলাদার বলেন, অগ্নিকাণ্ডে ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে কেউ তাঁর খামারে আগুন ধরিয়ে দিয়েছে।

তবে ফায়ার সার্ভিসের মঠবাড়িয়া স্টেশন কর্মকর্তা আবদুল হক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, খামারে আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।