মঠবাড়িয়ায় আড়াই হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতার কারণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাতটি গ্রামের প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদ করা সম্ভব হচ্ছে না। এতে এসব গ্রামের প্রায় তিন হাজার কৃষক বিপাকে পড়েছেন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকদের সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে স্থানীয় বিভিন্ন খাল থেকে জোয়ারের পানি ঢোকায় ও বৃষ্টির পানি জমে থাকায় উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা, ছোট শৌলা, ঘোপখালী, দেবীপুর, বাঁশবুনিয়া, নাপিতখালী ও বাদুরা গ্রামের আড়াই হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব গ্রামে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও বিভিন্ন খালের মুখে জলকপাট থাকলে এ সমস্যা সৃষ্টি হতো না। জলাবদ্ধতার কারণে এসব জমিতে বছরে একবারের বেশি ধান চাষ করা যাচ্ছে না। পাঁচ বছর আগেও এসব জমিতে আমন, আউশ, বোরো ও রবিশস্য চাষ করা হতো। এসব জমিতে এখন শুধু বোরো ও রবিশস্য উৎপাদন করা হচ্ছে। সম্প্রতি বড় শৌলা গ্রামে গিয়ে দেখা গেছে, ফসলি জমি তিন থেকে চার ফুট পানির নিচে ডুবে আছে। জলাবদ্ধতার কারণে কৃষকেরা জমিতে আমন ধানের বীজতলা তৈরি করতে পারছেন না। মিরুখালী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন জানান, মিরুখালী বাজার থেকে সাফা বাজার হয়ে ভগীরথপুর পর্যন্ত ২৫ কিলোমিটারে বেড়িবাঁধ নির্মাণ এবং মিরুখালী কলেজের পাশের খাল, চেয়ারম্যান বাড়ির সামনের খাল, বাদুরা গ্রামের ভূতের খাল, বাঁশবুনিয়া গ্রামের দাসের খাল, দেবীপুর গ্রামের তেঁতুলবাড়িয়া খাল ও ভগীরথপুর গ্রামের তোফেন হাওলাদার বাড়ির খালের বাঁধ অপসারণ করে জলকপাট নির্মাণ করা হলে এ এলাকার জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে।উপজেলা কৃষি কর্মকর্তা রসময় মণ্ডল বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উল্লিখিত সাতটি গ্রামের ফসলি জমিতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে সেখানে বর্ষা মৌসুমে ফসলের আবাদ ব্যাহত হচ্ছে। ওই এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য খালের দুই পাড়জুড়ে বেড়িবাঁধ ও খালের উৎসমুখে জলকপাট নির্মাণ করা জরুরি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মঠবাড়িয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী তাওহীদুল ইসলাম জানান, ওই এলাকায় বাঁধ নির্মাণের জন্য পাউবোর মহাপরিচালকের কার্যালয়ে গত বছর একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি প্রক্রিয়াধীন আছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।