মঠবাড়িয়ায় ইউপি ভবন উদ্বোধন অনুষ্ঠান পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে নির্মিত সভামঞ্চ ও ভবনের নামফলক ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার পর ভবন উদ্বোধন এবং এ উপলক্ষে ঘোষিত জনসভা হয়নি। গতকাল বুধবার সকালে আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা এ ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র সাংসদ মো. রুস্তম আলী ফরাজীর উপজেলার রাজারহাট বাজারে অবস্থিত দাউদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন করার কথা ছিল। এ জন্য ওই ভবনের সামনে নামফলক নির্মাণ করা হয় এবং ইউনিয়ন পরিষদসংলগ্ন মাঠে জনসভার জন্য একটি মঞ্চ করা হয়। গতকাল সকালে দাউদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান খানের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সভার মঞ্চ ও ভবনের নামফলক ভাঙচুর করেন। এরপর সাংসদ তাঁর নির্ধারিত অনুষ্ঠান ও সফর বাতিল করে দেন।
সাংসদ রুস্তম আলী ফরাজী অভিযোগ করে বলেন, তাঁর ভাষায়, বজলুর রহমানের নেতৃত্বে স্থানীয় কতিপয় ‘ডাকাত ও সন্ত্রাসী’ এ ভাঙচুরের ঘটনায় জড়িত। এ ঘটনায় তিনি মামলা করবেন।
বজলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত হচ্ছে। সেখানে আওয়ামী লীগের লোকজনকে বাদ দিয়ে ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার আগে সাংসদ উদ্বোধনের উদ্যোগ নেওয়ায় আওয়ামী লীগের নেতারা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন। ভাঙচুরের ঘটনায় আমি জড়িত নই।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।