মঠবাড়িয়ায় এক বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর
তুচ্ছ ঘটনার জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার সবুজনগরের পূর্বলেন মহল্লার প্রয়াত শংকর কর্মকারের বাড়িতে গত শনিবার রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে শংকর কর্মকারের ছেলে নিতাই কর্মকার ও তাঁর বন্ধু লিটনের সঙ্গে মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল সোহেলের বাগিবতণ্ডা হয়। তাঁরা সোহেলকে চড়-থাপ্পড় মারেন। এর জের ধরে রাত সাড়ে নয়টার দিকে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নিতাইয়ের বাড়িতে হামলা চালান। তাঁরা জানালা ও গ্রিল ভেঙে ঘরে ঢুকে ভাঙচুর চালান। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ প্রসঙ্গে নজরুল সোহেল বলেন, ‘আমার এক আত্মীয়ের সঙ্গে লিটনের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে লিটন ও তাঁর বন্ধু নিতাইয়ের সঙ্গে আমার তর্কবিতর্ক হলে ওরা আমাকে মারধর করে। আমাকে মারার খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা নিতাইয়ের বাড়িতে হামলা করে।’ মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গতকাল রোববার দুপুরে স্থানীয় সাংসদ মো. আনোয়ার হোসেন, পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব ও থানা-পুলিশের ওসিসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা পরিবারটিকে সমবেদনা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আশ্বাস দেন।