মঠবাড়িয়ায় এক যুবক ২০ দিন ধরে নিখোঁজ
বিয়ের কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মো. বাদল (৩০) নামের এক যুবক ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার সাপলেজা ইউনিয়নের বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ জুন দিবাগত রাতে বাদলের বিয়ের তারিখ নির্ধারিত ছিল। ওই দিন সকালে প্রয়োজনীয় কেনাকাটা করতে বাড়ি থেকে মঠবাড়িয়া বাজারের উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। এর পর থেকে আত্মীয়স্বজনের বাড়ি, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গতকাল বুধবার পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় ২২ জুন বাদলের বোন আকলিমা বেগম থানায় একটি জিডি করেছেন। আকলিমা বেগম বলেন, বাদলের বিয়েতে মত ছিল। কী কারণে সে নিখোঁজ হলো তা পরিবারের কেউ বলতে পারছে না। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, বাদলকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।