মঠবাড়িয়ায় কীর্তন অনুষ্ঠানে হামলায় আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামে গত শুক্রবার রাতে হিন্দু সম্প্রদায়ের মহানামযজ্ঞ কীর্তন অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলায় তিন পুণ্যার্থী আহত হয়েছেন। আহতরা হলেন অনিমেষ শিকারী (৩৫), বিশ্বজিৎ মজুমদার (১৮) ও অনুতম মজুমদার (১৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট শিংগা রাধামাধব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার পাঁচ দিনব্যাপী মহানামযজ্ঞ কীর্তন শুরু হয়। নামকীর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান পরিচালনা কমিটির মধ্যে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার রাত ১২টার দিকে তুচ্ছ ঘটনার জের ধরে কীর্তনে আসা লোকজনের ওপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত উপজেলার আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অনিমেষ শিকারী ও এইচএসসি পরীক্ষার্থী বিশ্বজিৎ মজুমদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।