মঠবাড়িয়ায় খাল দখল করে স্থাপনা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের পাশ দিয়ে প্রবহমান খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকার বাসিন্দা মো. মাসুম জমাদ্দার বলেন, ‘যেভাবে খালের দুই পাড় দখল শুরু হয়েছে, তাতে খালটি সংকুচিত হয়ে নালা হয়ে যাবে। এর ফলে খালটি নাব্যতা হারাবে।’ মঠবাড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সফিকুর রহমান জানান, মঠবাড়িয়া খালের পাড় বেদখল হয়ে যাওয়ায় শহরের সঙ্গে নৌ-যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব জুবাইদা নাসরীন স্বাক্ষরিত এক চিঠিতে পিরোজপুরের জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসককে (ডিসি) তদন্ত করে খালের দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এরপর জেলা পরিষদ খালের পাড়ে স্থাপনা নির্মাণের কাজ বন্ধের নির্দেশ দেয়। তবে দখলদারেরা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া খালের দক্ষিণ বন্দর এলাকায় স্লুইসগেট নির্মাণের জন্য ছয় মাস আগে খালে বাঁধ দেওয়া হয়। সম্প্রতি স্লুইসগেট এলাকায় শুকনো খালের পাড় দখল করে স্থানীয় প্রভাবশালীরা পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন। খালের দখলদারদের মধ্যে স্থানীয় সাংসদ ও পৌর মেয়রের আত্মীয়সহ আওয়ামী লীগ ও বিএনপিদলীয় লোকজন জড়িত রয়েছেন। তবে অভিযোগ পেয়ে গত ২০ মে স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন মঠবাড়িয়া খালের দক্ষিণ বন্দর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ বন্ধের নির্দেশ দেন। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, স্লুইসগেট এলাকায় খালের পাড় দখল করে সেখানে পাকা স্থাপনা তৈরির কাজ চলছে। কলাম তৈরি করে ইটের প্রাচীর গেঁথে তার মধ্যে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। স্থাপনা নির্মাণকারীদের একজন রফিকুল ইসলাম দাবি করেন, তাঁদের কাছে স্থাপনা নির্মাণের জন্য জেলা পরিষদের অনুমোদনের কাগজ রয়েছে। তিনি চার বছর আগে ওই অনুমোদন পেয়েছেন। আরেক স্থাপনা নির্মাণকারী মাসুম মাতুব্বর বলেন, ‘আমার খালের পাড়ের ১৫/২২ ফুট ও ১৫/৩৮ ফুটের দুটি ঘর তোলার জেলা পরিষদের অনুমোদন রয়েছে।’ পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আকরাম হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর তিনি খালের পাড়ের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বসে কাগজপত্র দেখে তিনি পরবর্তী ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘জায়গাটি পিরোজপুর জেলা পরিষদের। তার পরও আমি দখলদারদের নির্মাণকাজ বন্ধের মৌখিক নির্দেশ দিয়েছি।’সাংসদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘মঠবাড়িয়া শহরের সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকার নৌ-যোগাযোগের একমাত্র মাধ্যম মঠবাড়িয়া খাল। এ অঞ্চলের চাষাবাদের সেচের পানির জোগান দিয়ে থাকে এই খাল। এলাকাবাসীর অভিযোগ পেয়ে আমি সরেজমিনে পরিদর্শন করে জনস্বার্থে খালটি দখলমুক্ত করতে স্থানীয় প্রশাসনকে বলেছি।’