পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামে গতকাল রোববার শাহীনুর বেগম (৩০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ শাহীনুরের শ্বশুর আবদুর রশিদ হাওলাদার ও ননদের ছেলে মো. ইব্রাহিমকে আটক করেছে। ঘটনার পর থেকে স্বামী কামাল হোসেন পলাতক।শাহীনুরের মামা সগির ফকির বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে শাহীনুরকে তাঁর স্বামী কামাল, ননদ রহিমন বেগমসহ শ্বশুরপক্ষের লোকজন মারধর করেন। খবর পেয়ে দুপুরে শাহীনুরের শ্বশুরবাড়ি গিয়ে দেখি, ও (শাহীনুর) মারা গেছে। এ সময় শাহীনুরের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।’শাহীনুরের মা সুফিয়া বেগম বিলাপ করে বলেন, ‘মোর মাইয়ারে (শাহীনুর) স্বামী বাড়ির মানে (মানুষ) গলা টিইপ্পা মারছে। ওরা মোর সোনার নাহান (মতন) মাইয়াডারে কতায় কতায় জ্বালাইত।’মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, গৃহবধূ শাহীনুরের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।