মঠবাড়িয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সূর্যমণি গ্রাম থেকে গতকাল বুধবার সকালে গীতা রানী (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গীতার বাবা স্বপন রায়ের অভিযোগ, শশুরবাড়ির লোকজন গীতাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছেন। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সূর্যমণি গ্রামের বিজন হালদারের সঙ্গে বরগুনার পাথরঘাটা উপজেলার শতকর গ্রামের গীতা রানীর ছয় বছর আগে বিয়ে হয়। মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাত সাড়ে ১০টার দিকে ঘরের পাশে একটি রেইনট্রি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো গীতার লাশ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গতকাল বুধবার সকালে লাশ উদ্ধার করে। বিজন হালদার হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি পাশের বাড়িতে গিয়েছিলাম। ঘরে এসে গীতাকে না পেয়ে খুঁজতে গিয়ে দেখি, গাছের সঙ্গে তাঁর লাশ ঝুলছে।’