মঠবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রাম থেকে গতকাল সোমবার বিকেলে ফিরোজা বেগম (৪৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূকে হত্যার অভিযোগে পুলিশ স্বামী মোশারেফ আকনকে (৪৭) গ্রেপ্তার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গিলাবাদ গ্রামে আবদুল কাদের আকনের ছেলে মোশারেফ আকনের সঙ্গে একই উপজেলার টিকিকাটা ইউনিয়নের কুমিরমারা গ্রামের আবদুল লতিফ মাতব্বরের মেয়ে ফিরোজা বেগমের বিয়ে হয়। ওই দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে মুছা আকন সৌদিপ্রবাসী। মোশারেফ আকনের সঙ্গে স্ত্রী ফিরোজা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। গত শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় ফিরোজা বেগমকে পিঁড়ি দিয়ে পিটিয়ে জখম করেন মোশারেফ আকন। এতে ফিরোজা বেগম অসুস্থ হয়ে গত রোববার সন্ধ্যায় মারা যান। গতকাল দুপুরে স্থানীয় থানায় ফিরোজা বেগমের ছোট মেয়ে মিতু আক্তার বাবার বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ করলে পুলিশ গিলাবাদ গ্রাম থেকে ফিরোজার লাশ উদ্ধার করে। মিতু আক্তার বলেন, ‘আব্বা শনিবার সন্ধ্যায় আমার সামনে মাকে পিঁড়ি দিয়ে মেরেছেন। এতে মা অসুস্থ হয়ে পড়েন। আব্বার শারীরিক নির্যাতনেই মা মারা গেছেন।’মোশারেফ আকন স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রোববার রাতে গুরুতর অসুস্থ হয়ে হঠাৎ মারা যান।’ মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, দাম্পত্য কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।