মঠবাড়িয়ায় গ্রামবাসীর হাতে ধরা পড়ল অজগর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের শাঁখারিকাঠি গ্রামে আট ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে।
শাঁখারিকাঠি গ্রামের আবদুর রহিম জানান, শুক্রবার রাত একটার দিকে আবদুল জব্বার হাওলাদারের বাড়ির সামনের সড়কের ওপর তিনি অজগরটি দেখতে পান। খবর পেয়ে গ্রামবাসী একত্র হয়ে এক ঘণ্টা চেষ্টার পর এটিকে আটক করে।
স্থানীয় যুবক মিজানুর রহমান বলেন, ‘আটকের পর অজগরটিকে গ্রামবাসী মারার চেষ্টা করলে আমরা সাপটিকে উদ্ধার করে আবদুল জব্বার হাওলাদারের কাছে রেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বন বিভাগে খবর দিই।
তুষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদার গতকাল শনিবার দুপুরে বলেন, অজগরটি আটকের খবর পেয়ে আমি গ্রামবাসীকে সাপটি বাঁচিয়ে রাখতে অনুরোধ করেছি। অজগরটি বন বিভাগের কাছে পাঠানোর চেষ্টা চলছে।’
মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা তপনেন্দ্র নাথ সরকার প্রথম আলোকে বলেন, উপজেলার বলেশ্বর নদ তীরবর্তী এলাকাসহ বিভিন্ন গ্রামে প্রায়ই অজগর সাপ জনতার হাতে ধরা পড়ছে। এ পর্যন্ত বন বিভাগ ছয়টি সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে। সুন্দরবনে খাদ্যাভাব ও বাসস্থানে উপদ্রব দেখা দেওয়ায় অজগর বনসংলগ্ন নদ ও লোকালয়ে চলে আসছে। আটক অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।