পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিহত ক্লিনটন মজুমদারকে (২০) নিজ সংগঠনের কর্মী দাবি করে ছাত্রলীগ ও ছাত্রদল পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।গতকাল সোমবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতারা ক্লিনটনকে তাঁদের সংগঠনের কর্মী বলে দাবি করেন। তাঁরা অবিলম্বে ক্লিনটনের খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ অভিযোগ করেন, ক্লিনটনের হত্যা মামলার আসামি মারজান, রনি, জুয়েল, রুবেল, মেহেদী ও মনির ছাত্রদলের কর্মী।অপর দিকে দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ক্লিনটনকে মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে দাবি করেন ছাত্রদলের নেতারা। এ সময় তাঁরা ২০০৮ সালে ক্লিনটনের স্বহস্তে স্বাক্ষরযুক্ত কাগজ প্রমাণ হিসেবে দেখান। লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রদলের সভাপতি জসীম উদ্দিন ফরাজী অভিযোগ করেন, ক্লিনটনের হত্যা মামলার সব আসামি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য। এই হত্যা মামলায় ছাত্রদলের সঙ্গে আসামিদের কারও সম্পৃক্ততা নেই।