মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৭
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামে গত রোববার রাতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় সাতজন আহত হয়েছেন। গুরুতর জখম আবদুর রশিদ ও আবদুল মান্নানকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আবদুল মান্নানের সঙ্গে প্রতিবেশী ইউসুফ হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত রোববার বিকেলে আবদুল মান্নানের গরু ইউসুফের বাড়ির কাঁঠালগাছ খেলে ফেলে। এ নিয়ে রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আবদুর রশিদ হাওলাদার (৯০), তাঁর ভাই আবদুল মান্নান (৭০), শাহ আলম (৬৫), শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), আবদুল মান্নানের স্ত্রী শামসুন্নাহার (৫৭) এবং প্রতিপক্ষের ইউসুফ হাওলাদার (৩২) ও তাঁর ছোট ভাই ইদ্রিস হাওলাদার (২৬) আহত হন। এ ঘটনায় আহত শাহ আলম বাদী হয়ে ইউসুফ হাওলাদারকে প্রধান আসামি করে স্থানীয় থানায় মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি ইউসুফ হাওলাদার, ইদ্রিস হাওলাদার, ইউসুফের স্ত্রী সালমা বেগম ও প্রতিবেশী সলেমানকে গ্রেপ্তার করে।