মঠবাড়িয়ায় ডায়রিয়া আরও একজনের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ৩৬ ঘণ্টায় (বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত) শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে। ডায়রিয়ায় মধ্য সোনাখালী গ্রামের আবুল কালাম (৩৫) নামের এক ব্যক্তি গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। এর আগে ৯ এপ্রিল উপজেলার রাজপাড়া গ্রামের বাদল মিয়ার ছেলে স্বাধীন (৫) ও ৩১ মার্চ উপজেলার মাঝের চরের শিল্পী (৩৫) নামের এক গৃহবধূ ডায়রিয়ায় মারা যান। হাসপাতালে খাওয়ার স্যালাইন ও কলেরার (আইভি) স্যালাইনের ঘাটতি থাকায় রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হচ্ছে। দোকানগুলো চাহিদা অনুযায়ী স্যালাইন দিতে পারছে না।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস কে নাথ বলেন, ‘সরকারিভাবে সরবরাহ না থাকায় স্যালাইনের সংকট দেখা দিয়েছে। তবে আমরা বাইরে থেকে স্যালাইন কিনে এনে সাধ্যমতো রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।’গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। শয্যার অভাবে ৮-১০ জন রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণ ওয়ার্ডের রোগীদের সঙ্গে ডায়রিয়ায় আক্রান্তদেরও রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আমড়াগাছিয়া গ্রামের শিশু মিমের (৩) নানি জাহানুর বেগম ও সুফিয়া বেগম জানান, হাসপাতাল থেকে কোনো স্যালাইন দেওয়া হচ্ছে না। বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হচ্ছে। তবে দোকানগুলেতেও সব সময় স্যলাইন পাওয়া যাচ্ছে না। হাসপাতাল সড়কের মিম মেডিকেল হলের মালিক আবুল কালাম বলেন, ‘সম্প্রতি ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় স্যালাইনের চাহিদা বেড়েছে। তবে কোম্পানিগুলো আমাদের চাহিদামতো স্যালাইন সরবরাহ করতে না পারায় বাজারে স্যালাইনের সংকট দেখা দিয়েছে।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, হাসপাতালের পাঁচ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের স্থান সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডে অন্য রোগীর সঙ্গে ও মেঝেতে রেখে তাদের চিকিৎসা দিতে হচ্ছে। উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হওয়ায় স্যালাইনের সংকট সৃষ্টি হয়েছে।