মঠবাড়িয়ায় ডায়রিয়ায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত ১০ দিনে দুই শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। গত মঙ্গলবার রাতে এ রোগে আক্রান্ত এক শিশু মারা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য পাওয়া গেছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, প্রচণ্ড গরম ও লোকালয়ে লবণাক্ত পানি ঢোকায় নিরাপদ খাওয়ার পানির অভাবে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। চাহিদা অনুযায়ী স্যালাইনের সরবরাহ না থাকায় রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া যাচ্ছে না।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ১৩৬ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী এ হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া এ সময় তুষখালী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে ৩৬ ও মিরুখালী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে ৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে।মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডায়রিয়ায় আক্রান্ত শিশু স্বাধীন (৫) মারা গেছে। সে উপজেলার রাজপাড়া গ্রামের বাদল মিয়ার ছেলে। গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত ১১ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। হাসপাতালের পাঁচ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডে মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।পিরোজপুরের সিভিল সার্জন আবদুল গনি বলেন, ‘আমাদের চাহিদা অনুযায়ী ঢাকা থেকে স্যালাইন সরবরাহ করা হচ্ছে না। এ কারণে স্যালাইনের সংকট দেখা দিয়েছে।’