পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে পাঠ্যবই বিতরণকালে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।বিনা মূল্যের পাঠ্যবই বিতরণকালে টাকা নেওয়ার কারণ জানতে চেয়ে গত বৃহস্পতিবার মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. রুহুল আমীন ও এবতেদায়ি শাখার সহকারী শিক্ষক আবু হানিফকে কারণ দর্শানের নোটিশ দিয়েছেন মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও অভিভাবকদের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রুহুল আমীন ও আবু হানিফ ১ জানুয়ারি শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ ও ৫০ টাকা নিয়ে নতুন বই বিতরণ করেন। দাবীকৃত টাকা না দেওয়ায় নবম শ্রেণীর এক ছাত্রী ও তার ভাই ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র বই পায়নি। এ ঘটনায় ওই দুই শিক্ষার্থীর বাবা গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিবের কাছে লিখিত অভিযোগ দিলে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মিয়া বুধবার মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পান। পরে তিনি মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহজাহান হাওলাদার অভিযুক্ত শিক্ষকদের আগামী সাত দিনের মধ্যে সরকারি বই বিতরণে কেন অবৈধভাবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছেন।অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত সুপার মো. রুহুল আমীন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি বাবদ টাকা আদায় করা হয়েছে।