মঠবাড়িয়ায় ধরা পড়া অজগর সুন্দরবনে অবমুক্ত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদ-তীরবর্তী উলুবাড়িয়া গ্রামে ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। গতকাল শুক্রবার সকালে গ্রামবাসী এটি বন বিভাগের কাছে হস্তান্তর করার পর সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উলুবাড়িয়া গ্রামের কয়েকজন যুবক সুলতান শাহ-এর বাড়ির বাগানের একটি গাছে সাপটিকে দেখতে পান। দুপুরে গ্রামবাসী এটিকে লাঠির সাহায্যে গাছ থেকে নামিয়ে আনে। এ ব্যাপারে সুলতান শাহ জানান, সাপটিকে ধরার পর জালের মধ্যে আটক রাখা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় গতকাল সকালে এটি সুন্দরবনের বগী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা তপনেন্দ্র নাথ সরকার জানান, গত জুলাই থেকে এ পর্যন্ত উপজেলার বলেশ্বর নদতীরবর্তী গ্রামে তিনটি অজগর জনতার হাতে ধরা পড়েছে। সুন্দরবনে খাদ্যাভাব ও বাসস্থানের উপদ্রব দেখা দেওয়ায় অজগর সাপ বনসংলগ্ন নদ ও লোকালয়ে চলে আসছে।