মঠবাড়িয়ায় ধর্ষণচেষ্টার দায়ে যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে (২২) ধর্ষণচেষ্টার দায়ে শহিদুল ইসলাম (২৭) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এই কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ওই নারী তাঁর ভাইয়ের বাসায় একা ছিলেন। এ সময় শহিদুল ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তখন ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাঁকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করেন। পরে রাতে শহিদুলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেট এম মাসুদুজ্জামান বলেন, আজ শনিবার সকালে শহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।