পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া গ্রামের ব্যবসায়ী নাজমুল হক (৫০) হত্যা মামলার একমাত্র আসামি মো. তুহিন মিয়াকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বেতমোর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তুহিন উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের বাসিন্দা। তিনি নাজমুল হকের প্রথম স্ত্রী হোসনে আরা বেগমের ছোট ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৬ মার্চ রাতে দক্ষিণ বড়মাছুয়া গ্রামের কাঞ্চন সরদারের ছেলে শাহিন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন শাহিনের বোনের স্বামী নাজমুল হক। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত সোমবার সকালে নাজমুল হক দক্ষিণ বড়মাছুয়া গ্রামের শ্বশুরবাড়িতে গিয়ে শাহিনের পরিবার ও মামলার সাক্ষীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন।
এ সময় নাজমুলের সঙ্গে শাহিনের ছোট ভাই তুহিন মিয়ার কথা-কাটাকাটির একপর্যায়ে তুহিন কুড়াল দিয়ে বোনের স্বামী নাজমুলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে নাজমুলের ছোট ভাই মিজানুর রহমান বাদী হয়ে তুহিনকে একমাত্র আসামি করে স্থানীয় থানায় হত্যা মামলা করেন। মঠবাড়িয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ বলেন, গ্রেপ্তারের পর তুহিন পুলিশের কাছে নাজমুলকে হত্যার কথা স্বীকার করেন। গতকাল প্রথম আলোয়, ‘হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে খুন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।