মঠবাড়িয়ায় নয় দিন ধরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই শিশুসন্তানসহ হাওয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূ নয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। হাওয়া বেগম পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মনির হোসেনের স্ত্রী। এ ব্যাপারে গত বুধবার মনির হোসেন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ ও ওই পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের দক্ষিণ মিঠাখালী মহল্লার বাসিন্দা মনির হোসেনের স্ত্রী হাওয়া বেগম তাঁর দুই শিশুসন্তান পূর্ণিমা ও তানিয়াকে নিয়ে গত ২৪ অক্টোবর বাড়ি থেকে বের হন। এরপর আর তাঁরা বাসায় ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। হাওয়া বেগমের স্বামী মনির হোসেন বলেন, ২৪ অক্টোবর দুপুরে বাসায় ফিরে দেখেন ঘরে কেউ নেই। পরে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাঁদের না পেয়ে গত বুধবার তিনি থানায় জিডি করেছেন।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, তাঁদের সন্ধানে তৎপরতা শুরু করা হয়েছে।