মঠবাড়িয়ায় পানিবন্দী মানুষের ভোগান্তি কমেনি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকছে। সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে বাঁধের ভাঙা ওই অংশ দিয়ে পানি ঢুকে তলিয়ে গেছে রহিমা বেগম (৩৫) ও নূরুল আমিন (৪৩) দম্পতির ঘরটিও। তিন সন্তানকে নিয়ে চৌকির ওপর আশ্রয় নিলেও তাঁদের রান্নার কোনো জায়গা নেই। গত কয়েক দিন ধরে ওই দম্পতি আধা কিলোমিটার দূরে বেড়িবাঁধের উঁচু জায়গায় নূরুল ইসলামের বাড়িতে গিয়ে রান্না করছেন।গত ৩১ মে দুপুরে সেখান থেকে হাঁড়িতে করে খাবার নিয়ে বাড়ি ফেরার পথে কথা হয় রহিমা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘এমন ভোগে (বিপদে) আল্লাহ যেন কারও ফালায় না। মোগ গ্রামের দুই-চারজন বাদে সবাইর ঘর পানিতে তলাইছে। এতগুলা মানুষ কেমনে আছে হেডা তো কেউ বুঝতাছে না।’জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ না নেওয়ায় এ উপজেলায় রহিমা বেগমের মতো লক্ষাধিক পানিবন্দী মানুষের দুর্ভোগের শেষ নেই। একই ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা আলেয়া বেগম বলেন, ‘১৫ দিন ধইরা পানিতে বাড়িঘর তলাইন্না। ঝড়ে ঘরের চাল ভাইঙ্গা গ্যাছে। দেওই নামলে পলিথিন গায় দিয়া থাহি।’দাইদখালী ইউনিয়নের খায়ের খটিচোরা গ্রামে গিয়ে দেখা গেছে, বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে কয়েক শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গ্রামের পিয়ারা বেগম বলেন, ‘পাঁচ দিন ধইর্যা ঘরে কোনো রান্ধন-বাড়ন অয় নায়। জোয়ারের পানিতে দুহার (দুপুর) ও রাইতে দুই ফির ঘর তলায়্যা যায়।’সাপলেজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও ধানীসাফা ইউপির চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ফারুক জানান, ঘূর্ণিঝড় মহাসেনের পর বৃষ্টিপাত এবং পূর্ণিমার জোয়ারের কারণে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জলাবদ্ধতা নিরসন করা যাচ্ছে না। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।টিকিকাটা ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মৃধা জানান, খালের অপরিকল্পিত বাঁধ অপসারণ ও বেড়িবাঁধে জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করা না হলে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী বজলুর রশিদ বলেন, জলাবদ্ধতা নিরসনে জলকপাট নির্মাণ এবং ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।