মঠবাড়িয়ায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্র্রতারণার অভিযোগে আদম ব্যবসায়ী পরিচয়ধারী তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার বাসিন্দা দেলোয়ার হোসেন, পটুয়াখালীর বাউফল উপজেলার শাহিন মিয়া ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জহির খান। ভুক্তভোগী এক গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।উপজেলার ভাইজোড়া গ্রামের বাসিন্দা গৃহবধূ নাছিমা দিন কয়েকের মধ্যে তাঁর ছেলে নাছিরকে জর্ডান পাঠানোর শর্তে ওই ব্যক্তিদের হাতে আড়াই লাখ টাকা দেন। কিন্তু নাছিরকে বিদেশে পাঠানোর ব্যাপারে তিন মাস ধরে তাঁরা টালবাহানা করতে থাকেন। গত রোববার রাতে তাঁরা নাছিমার বাড়িতে এসে জানান, নাছিরের বিদেশে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। তবে টিকিট বাবদ তাঁদের আরও ৫০ হাজার টাকা দিতে হবে। তাঁদের কথাবার্তায় সন্দেহ হলে গৃহবধূ তাঁদের বসতে বলে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে।মঠবাড়িয়া থানার উপপরিদর্শক ফারুক হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা প্রকৃত আদম ব্যবসায়ী নন বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে ওই গৃহবধূ মঠবাড়িয়া থানায় মামলা করেছেন।