মঠবাড়িয়ায় বহিরাগতদের দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে বিএনপি-সমর্থিত প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন ও তাঁদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের হামলায় গতকাল শনিবারও বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার কর্মী আহত হয়েছেন।

এ ছাড়া আওয়ালীগ-সমর্থিত ওই প্রার্থীর হয়ে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দুই নেতা নির্বাচনে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন গত শুক্রবার সন্ধ্যায় তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুহুল আমিন অভিযোগ করেন, নির্বাচনে প্রভাব বিস্তার ও ভোট কারচুপি করতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসানসহ পাঁচ শতাধিক বহিরাগত সন্ত্রাসী মঠবাড়িয়ায় অবস্থান করছেন। তাঁরা বিএনপির নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছেন এবং ভোটের দিন কারচুপির পরিকল্পনা করছেন।

বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা এবং ভোট কারচুপির পরিকল্পনার ব্যাপারে কথা বলার জন্য সিদ্দিকী নাজমুল আলমের মুঠোফোনে শুক্রবার সন্ধ্যায় ফোন দিলে তিনি বলেন, তিনি মঠবাড়িয়ায় এসেছিলেন, এখন ঢাকায় ফেরার পথে আছেন। তবে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান গতকাল শনিবার বলেন, ‘নাজমুল আমার পক্ষে প্রচারণা চালাতে মঠবাড়িয়ায় অবস্থান করছেন। আর বিএনপি-সমর্থিত প্রার্থীর অভিযোগগুলো অমূলক।’

 বিএনপির কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, আশরাফুর রহমান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। এ কারণে তাঁর পক্ষে বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্রলীগের শতাধিক নেতা এক সপ্তাহ ধরে মঠবাড়িয়ায় অবস্থান করছেন। আর শুক্রবার এসেছেন সিদ্দিকী নাজমুল আলম ও খায়রুল হাসান।

রুহুল আমিনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কে এম হুমায়ুন কবিব অভিযোগ করেন, ছাত্রলীগের নেতা-কর্মী ও বহিরাগত সন্ত্রাসীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে তুষখালী, গুলিসাখালী, ধানীসাফা, দাউদখালী ও মঠবাড়িয়া সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মহড়া দিচ্ছেন। তাঁরা আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নিরুৎসাহিত করছেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহিদ জানান, মঠবাড়িয়ায় ৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঠবাড়িয়াকে চারটি ভাগে ভাগ করে সশস্ত্র বাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিশেষ নিরাপত্তা চৌকি বসিয়ে ভোটার ছাড়া বহিরাগতদের গ্রেপ্তার করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

 রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মানিকহার রহমান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।