মঠবাড়িয়ায় বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিপাত এবং অমাবস্যার প্রভাবে বলেশ্বর নদের পানি বাড়ায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত দুই দিনে বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধ ভেঙে গত শুক্রবার উপজেলার নদ-তীরবর্তী বড়মাছুয়া ইউনিয়নের চরভোলমারা ও দক্ষিণ বড়মাছুয়া গ্রামের পাঁচ শতাধিক পরিবার, গতকাল শনিবার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া ও কচুবাড়িয়া গ্রামের ৩০০ পরিবার ও মাঝেরচরের ২১০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে কৃষক ও মাছচাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশ্রাফ আলী জানান, বলেশ্বর নদ-তীরবর্তী চরভোলমারা গ্রামের বেড়িবাঁধ ও দক্ষিণ বড়মাছুয়া গ্রামের সড়কের তিনটি স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট পানি বাড়ায় দুই গ্রামের সড়ক ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠের রবিশস্য পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। দুটি ঘের ও দেড় শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। চরভোলমারা গ্রামের মমতাজ বেগম বলেন, ‘পানিতে তলাইয়া মোর ঘরের পোতা (ভিটা) ভাইঙ্গা গ্যাছে। নৌকায় ছাড়া কোতাও যাওন যায় না।’ বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম জানান, বলেশ্বর নদের মাঝেরচরের সাড়ে চার কিলোমিটার বেড়িবাঁধের ছয়টি স্থানে ভেঙে চরে পানি ঢুকে পড়েছে। ফলে চরের ২১০টি পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। চরের রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। সাপলেজা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সালেহ জানান, বলেশ্বর নদ-তীরবর্তী খেতাছিড়া ও কচুবাড়িয়া গ্রামের মধ্যবর্তী স্থানের বেড়িবাঁধ ৪০০ থেকে ৫০০ ফুট ভেঙে দুটি গ্রাম ডুবে গেছে। এতে ৩০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি মঠবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল লতিফ জানান, উপকূলীয় এলাকায় গত শুক্রবার থেকে তিন নম্বর সতর্ক সংকেত বলবৎ রয়েছে। মৌসুমি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদীগুলো উত্তাল থাকায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মঠবাড়িয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী কবির হোসেন জানান, ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের জন্য চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।