পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী উপজেলা যুবলীগের আহ্বায়ক আজিজুল হক মাতুব্বরের ঠিকাদারি কাজের নির্মাণসামগ্রী পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গত সোমবার গভীর রাতে উপজেলার আমড়াগাছিয়া বাজারের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমড়াগাছিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহারাজ মৃধাকে (৫০) আটক করেছে পুলিশ।
সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে আজিজুল হক মাতুব্বরের ঠিকাদারি প্রতিষ্ঠান আমড়াগাছিয়া-হোগলপাতি সড়কের কার্পেটিং কাজ বাস্তবায়ন করছে।
গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই কাজের নির্মাণসামগ্রী (জুট ও বিটুমিন) ট্রাকে করে আমড়াগাছিয়া বাজারের পাশে এনে রাখা হয়। ভোর ছয়টার দিকে লোকজন নির্মাণসামগ্রীতে আগুন দেখতে পান।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে আজিজুল হক মাতুব্বর থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে জিডি করেন।
আজিজুল হক মাতুব্বর জানান, ৯ ডিসেম্বর বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী তিনি। তিনি অভিযোগ করেন, ওই মামলার জের ধরে তাঁর প্রায় এক লাখ টাকার নির্মাণসামগ্রী পুড়িয়ে দেওয়া হয়েছে।