মঠবাড়িয়ায় বাড়িতে হামলা-লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ বন্দর মহল্লায় একটি বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও স্বর্ণালংকারসহ জমির মূল্যবান দলিল লুট করে নিয়ে গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বন্দর মহল্লার সতীশ চন্দ্র শীলের বাড়িতে শনিবার রাত আটটার দিকে সাত-আটজন মুখোশধারী দরজা ভেঙে ঘরে ঢুকে। এরপর তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিমিঞ্চ করে আলমারিতে রক্ষিত সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, টাকা ও জমির দলিল লুট করে নিয়ে যায় এবং আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় দুর্বৃত্তরা ওই বাড়ির এক নারীর শ্লীলতাহানি করে। সতীশ চন্দ্র শীলের ছেলে মৃণাল চন্দ্র শীল অভিযোগ করেন, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে সাবেক পৌর কমিশনার শহিদুল ইসলাম মল্লিক ওরফে আদম আলী ও জাকির হোসেন মল্লিকের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মৃণালদের সঙ্গে জমি নিয়ে আদালতে আমাদের মামলা চলছে। সম্প্রতি ওই জমিতে মৃণাল গং দখল নিতে গেলে আমরা বাধা দিই। আমাদের মামলা দিয়ে হয়রানি করার জন্য তাঁরা হামলা ও লুটের নাটক সাজিয়েছে।’ মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’