মঠবাড়িয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ছাত্রলীগের কর্মী ক্লিন্টন মজুমদারকে হত্যার প্রতিবাদে সংগঠনটির নেতা-কর্মীরা বিএনপির দুটি কার্যালয় ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ক্লিন্টন মজুমদারকে হত্যার প্রতিবাদে বিকেল পাঁচটার দিকে ছাত্রলীগ পৌর শহরে একটি মিছিল বের করে। ওই মিছিলে অংশগ্রহণকারীরা প্রথমে সদর রোডের বিএনপির কার্যালয় ও পরে তুষখালী রোডের উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। এ সময় তাঁরা ওই দুটি কার্যালয়ের আসবাব ও টিভি ভেঙে ফেলেন। মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সাইকুল ইসলাম অভিযোগ করেন, ছাত্রলীগের ৫০-৬০ জন নেতা-কর্মী হাতে লাঠি নিয়ে মিছিল করে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালান। মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মী ক্লিন্টন মজুমদারকে হত্যার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন। অথচ তাঁরা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন।মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ বিএনপির কার্যালয় ভাঙচুর করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ক্লিন্টনকে হত্যার প্রতিবাদে ছাত্রলীগ শান্তিপূর্ণ মিছিল করেছে। মঠবাড়িয়া সার্কেলের এএসপি ইব্রাহিম খলিল বলেন, ‘খবর পেয়ে ওসি সাহেবকে ঘটনাস্থলে পাঠিয়েছি।’