মঠবাড়িয়ায় বিএনপির দুই কার্যালয়, কর্মসূচিও পৃথক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপি দুই ধারায় বিভক্ত। দলটির দুই পক্ষ পৃথক দুটি কার্যালয় থেকে আলাদাভাবে কর্মসূচি পালন করছে। ২০০৯ সালের সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা বিএনপিতে এই বিভক্তির শুরু। সরেজমিনে দেখা যায়, মঠবাড়িয়া সদর রোডের পাশে একটি ঘরে একটি সাইনবোর্ড টাঙানো। এতে লেখা আছে উপজেলা বিএনপি কার্যালয়, মঠবাড়িয়া। একই ধরনের লেখাসংবলিত আরেকটি সাইনবোর্ড আছে মঠবাড়িয়া শহরের চা-পট্টি সড়কের পাশে একটি ঘরে। দলীয় সূত্রে জানা যায়, সদর রোডের কার্যালয়ে বসেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মঠবাড়িয়ার বাসিন্দা কর্নেল (অব.) শাহজাহান মিলন, বেতমোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস রুম্মান ও তাঁদের অনুসারীরা। অন্য কার্যালয়ে বসেন উপজেলা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক রুহুল আমীন ও তাঁদের অনুসারীরা।সাধারণ সম্পাদক রুহুল আমীনের অনুসারী এবং উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ২০০৯ সালের ২৩ নভেম্বর স্থানীয় জমিয়াতুল মোদার্রেছীন মিলনায়তনে উপজেলা বিএনপির সম্মেলনে গোপন ভোটে দেলোয়ার হোসেন মুন্সি সভাপতি, রুহুল আমীন সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কর্নেল (অব.) শাহজাহান মিলন সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হলেও ভোটের দিন প্রার্থিতা প্রত্যাহার করেন। এরপর তিনি নিজেকে একবার সভাপতি, আরেকবার জ্যেষ্ঠ সহসভাপতি রেখে পিরোজপুর জেলা বিএনপির কাছে অনুমোদনের জন্য উপজেলা বিএনপির দুটি কমিটি দাখিল করেন। তবে দুটি কমিটিতে তিনি রুহুল আমীন ও রফিকুল ইসলামকে স্ব-স্ব পদে বহাল রাখেন।আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমরা পরে জানতে পারি, জেলা কমিটি শাহজাহান মিলনকে ১ নম্বর সহসভাপতি রেখে কমিটি অনুমোদন দেয়। জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য আমাদের দেওয়া কমিটিতে শাহজাহান মিলনের নাম ছিল না।’ শাহজাহান মিলন বলেন, ‘২০০৯ সালের সম্মেলনে ষড়যন্ত্র করে আমাকে দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করানো হয়েছিল। আমি সদর রোডে যে কার্যালয়ে বসি, সেটি দলের নেতা-কর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হয়েছিল। কিন্তু উপজেলা বিএনপির সধারণ সম্পাদক রুহুল আমীনসহ কয়েকজন চা-পট্টি সড়কের একটি ঘরে দলীয় কার্যালয়ের নামে একটি সাইনবোর্ড লাগিয়ে বসছে। আমার অনুসারীরা এবং আমি পৃথকভাবে বসলেও কেন্দ্র থেকে দেওয়া সব কর্মসূচি পালন করছি।’জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বলেন, ‘দেলোয়ার হোসেন মুন্সি ও রুহুল আমীন যে কমিটির যথাক্রমে সভাপতি ও সম্পাদক আমি শাহজাহান মিলনকে সেই কমিটির ১ নম্বর সহসভাপতি করেছিলাম। কিন্তু সাধারণ সম্পাদক রুহুল আমীন কোনো অবস্থায়ই শাহজাহান মিলনকে মেনে নিচ্ছেন না।’ রুহুল আমীন বলেন, ‘মাঠে থেকে আমরা রাজনীতি করি। যারা ‘শীতের পাখি’ তাদের মুখে অনেক বুলি শোনা যায়। কেন্দ্র থেকে দেওয়া একটি কর্মসূচিও নেই, যা আমরা পালন করিনি।’ উপজেলা বিএনপির সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক জামাল উদ্দিন খান বলেন, ‘মঠবাড়িয়া বিএনপিতে যে বিভক্তি তা সম্ভবত কোনো সময়ে সংঘাতে রূপ নেবে না। তার পরও আমরা বিভক্তি দূর করে সবাইকে এক জায়গায় বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’