মঠবাড়িয়ায় বিএনপির ১৮টি কার্যালয় ভাঙচুর, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বিএনপির উপজেলা কার্যালয়সহ বিভিন্ন ইউনিয়নের ১৮টি কার্যালয়ে ভাঙচুর করেছেন। তাঁদের হামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে।রোববার বিকেলে মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদের ওপর বিএনপির কর্মীদের হামলার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনায় পৌর মেয়রের ভাই নাফিজ উদ্দীন আহমেদ গতকাল বিকেলে ছাত্রদল ও যুবদলের ৭৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন।তবে বিএনপির কর্মীদের হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, ‘আমার সংবর্ধনা সভা পণ্ড করতে পৌর মেয়র ওই হামলার নাটক সাজিয়েছেন।’মঠবাড়িয়া উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়সহ সাফা, মিরুখালী, বেতমোর, আমড়াগাছিয়া, সোনাখালী, বড়মাছুয়া, বড়মাছুয়া লঞ্চঘাট, গুলিসাখালী, টিয়ারখালী, বান্ধবপাড়া, টিকিকাটা, বাইশকুড়া, সাপলেজা, বটতলা, নীলপুর, বাবুরহাট ও ভগীরতপুরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। হামলাকারীরা কার্যালয়গুলোর আসবাব ও টেলিভিশন ভেঙে ফেলেন। তিনি বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনের সংবর্ধনা শেষে রোববার রাতে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের কর্মীদের হামলায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁরা হলেন: ছাত্রদলের কর্মী মো. সিরাজ, সানাউল হক, রিয়াজ, ফিরোজ হোসেন, মো. কাইউম; যুবদলের কর্মী আবদুর রাজ্জাক, মিরাজ হোসেন, মো. হাফিজ ও স্বেচ্ছাসেবক দলের বেতমোর রাজপাড়া ইউনিয়ন কমিটির আহ্বায়ক সগির হোসেন। এ ছাড়া সাপলেজা ইউনিয়ন বিএনপির পাঁচজন কর্মী আহত হয়েছেন। নিরাপত্তাহীনতার কারণে তাঁরা গোপনে চিকিৎসা নিচ্ছেন।মঠবাড়িয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম মাতবর বলেন, ‘পৌর মেয়রের ওপর হামলার ঘটনায় আমরা শহরে শান্তিপূর্ণ মিছিল করেছি। শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা চেষ্টা চালাচ্ছি। তবে বিভিন্ন এলাকায় আমাদের নেতা-কর্মীরা মেয়রের ওপর হামলার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালাতে পারেন।’ এদিকে পৌর মেয়রের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ গতকাল সকালে শহরে মিছিল ও প্রতিবাদ সভা করেছে।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ জাহিদ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।হজ পালন শেষে সৌদি আরব থেকে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনের মঠবাড়িয়ায় আগমন উপলক্ষে রোববার বিকেলে দলের পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী ঝাউতলা এলাকায় অবস্থান করছিলেন। বেলা তিনটার দিকে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ বরিশাল যাওয়ার পথে ঝাউতলা পার হওয়ার সময় বিএনপির কর্মীদের হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষুব্ধ কর্মীরা সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয় ও রুহুল আমিনকে স্বাগত জানাতে নির্মিত কয়েকটি তোরণ ভাঙচুর করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ রুহুল আমিনের গাড়িবহর ঝাউতলায় রাত পর্যন্ত অবরোধ করে রাখে।