মঠবাড়িয়ায় বিভক্ত আ.লীগ সরগরম নির্বাচনের মাঠ
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠেছে। হাড়কাঁপানো শীত উপেক্ষা করে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন কর্মী-সমর্থকেরা। তবে নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।
এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হলেন সাংসদ আনোয়ার হোসেন। দলের স্থানীয় নেতা-কর্মীদের একটি পক্ষ তাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছে। কিন্তু দলের অন্য পক্ষ স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ রুস্তম আলী ফরাজীর পক্ষে কাজ করছে। দলীয় নেতা-কর্মীদের বিভক্তির কারণে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, এ আসনের মোট ভোটার এক লাখ ৬৯ হাজার ৯৭ জন। ৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই আসনে আওয়ামী লীগের মনোনীত আনোয়ার হোসেন (নৌকা) এবং রুস্তম আলী ফরাজী (আনারস) ও রমা রানী (আপেল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আনোয়ার হোসেন ২০০৮ সালে প্রথম সাংসদ নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী ফরাজী ১৯৯৬ সালে জাতীয় পার্টি ও ২০০১ সালে বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হন। রমা রানী ২০০৯ সালে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন থেকেই আনোয়ার হোসেনের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের বিরোধ চলে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক সরাসরি রুস্তম আলীর পক্ষ না নিলেও তাঁদের অনুসারী তৃণমূলের নেতা-কর্মীরা প্রকাশ্যে রুস্তম আলী ফরাজীর পক্ষে কাজ করছেন। নৌকার বিজয় ঠেকাতে বিএনপির একটি পক্ষেরও পরোক্ষ সমর্থন রয়েছে রুস্তম আলীর প্রতি। তবে জনপ্রিয় এই দুই প্রার্থীর প্রচারণায় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়ায় নির্বাচনের মাঠ এখন সরগরম। রুস্তম আলী ফরাজী বলেন, ‘আমার অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করে এলাকার স্বার্থে আওয়ামী লীগ, বিএনপির ও জাপার অনেক সমর্থক আমাকে ভোট দেবেন।’
আনোয়ার হোসেন দলের কোন্দলকে উড়িয়ে দিয়ে জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা কারও কথায় ভোট দেবেন না। তাঁরা নৌকা মার্কা দেখে ভোট দেবেন।