মঠবাড়িয়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট
পিরোজপুরের মঠবাড়িয়া শহরের ৮ নম্বর ওয়ার্ডের সোনামদ্দি এলাকায় মনিরদের বাসা। পানের জন্য তাঁরা পুকুরের পানি বাসায় এনে ফিটকিরি মিশিয়ে পান করেন। সোনামুদ্দি এলাকার মতো পৌর শহরের অনেক এলাকার মানুষ পুকুরের পানি ফিটকিরি মিশিয়ে পান করেন। মঠবাড়িয়া শহরের মসজিদ পট্টি এলাকার হোটেল ব্যবসায়ী ইউসুফ আকন জানান, খাওয়ার জন্য স্থানীয় প্রশিকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় ১৫ কলসি বিশুদ্ধ পানি কিনে আনতে হয়। কলসপ্রতি পাঁচ টাকা দিতে হয়। মাসে গুনতে হয় প্রায় আড়াই হাজার টাকা। পৌরসভা থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করলে মাসে সর্বোচ্চ ২০০ টাকা বিল দিতে হতো। পৌরসভার সচিব মো. হারুন-অর-রশিদ জানান, পৌর এলাকায় ২৫ হাজার লোকের বসবাস। বেশির ভাগ মানুষ পুকুরের পানিতে ফিটকিরি মিশিয়ে পান করেন। আ. সালাম আজাদী জানান, আমাদের পরিবারসহ অনেক পরিবার পুকুরের পানিতে ফিটকিরি মিশিয়ে পান করে। তবে এ পদ্ধতিতে তা কতটুকু বিশুদ্ধ হয় বলতে পারি না।প্রশিকা মঠবাড়িয়া কার্যালয়ের মো. ইয়াকুব জানান, সমিতির উপকারভোগীদের মাধ্যমে প্রতিদিন পাঁচ হাজার লিটার পানি সরবরাহ করা হয় পৌর এলাকায়। মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস জানান, আমিও বিশুদ্ধ পানির কষ্টে আছি। মঠবাড়িয়া পৌর এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠান পানি শোধনাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইতিমধ্যে মঠবাড়িয়া পরিদর্শন করে গেছে। শিগগির ওভারহেড ট্যাংক নির্মাণ করা হবে। তখন মানুষ বিশুদ্ধ পানি পানের সুযোগ পাবে।পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. নূরুজ্জামান জানান, পুকুরের স্বচ্ছ পানি বাসায় এনে কলসিতে রেখে পরিমাণমতো ফিটকিরি মিশিয়ে ছয় থেকে আট ঘণ্টা থিতানো হলে তা বিশুদ্ধ হয়। তবে ঘোলা পানিতে ফিটকিরি মিশালে কাজ হবে না।