মঠবাড়িয়ায় বৃদ্ধা ও ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক বৃদ্ধা ও এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার বকসির ঘটিচোরা গ্রাম থেকে বৃদ্ধার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের মৃত ওমর আলীর স্ত্রী সুফিয়া খাতুনের (৭৫) ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে।এদিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বুধবার বিকেলে জোহরা আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। জোহরা উপজেলার তাফালবাড়িয়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে এবং স্থানীয় হামিদিয়া মহিলা সিনিয়র মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। বুধবার ভোরে জোহরা আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে সে মারা যায়। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি গতকাল বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।