মঠবাড়িয়ায় বেড়িবাঁধ, সড়কে ভাঙন

অস্বাভাবিক জোয়ারের কারণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গুরুত্বপূর্ণ একটি সড়কসহ কয়েকটি কাঁচা-পাকা সড়ক এবং বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া জোয়ারের পানিতে ১৫০টি ঘের ও সহস্রাধিক পুকুরের মাছ ভেসে গেছে। প্লাবিত হওয়ায় এক হাজার ১০০ হেক্টর আমনের বীজতলা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সরেজমিনে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারের চাপে বড় মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া থেকে চরভোলমারা পর্যন্ত তিন কিলোমিটার বেড়িবাঁধের আট থেকে দশটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে দক্ষিণ বড় মাছুয়া গ্রামের স্লুইসগেট-সংলগ্ন বাঁধের ৫০০ মিটার জায়গা বলেশ্বর নদে বিলীন হয়ে গেছে। এতে ওই এলাকার ১৫ থেকে ২০টি পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
দক্ষিণ বড় মাছুয়া গ্রামের আবদুল খালেক খন্দকার (৫৫) প্রথম আলোকে বলেন, ‘বেড়িবাঁধ ভেঙে নদী আমার বাড়ির কাছে চলে এসেছে। আমরা ১৫টি পরিবার নির্ঘুম রাত কাটাচ্ছি।’
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মঠবাড়িয়া-বড় মাছুয়া ১০ কিলোমিটার সড়কের মল্লিক বাড়ির সামনে ১ হাজার ২০০ ফুট জায়গাজুড়ে খোয়া উঠে গেছে এবং তিনটি স্থানে গর্ত হয়ে নালা হয়ে গেছে। লঞ্চঘাট এলাকায় সড়কটির একাংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে।
সওজের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, নদী শাসন করা না গেলে বড় মাছুয়া লঞ্চঘাট এলাকায় সড়কের ভাঙন ঠেকানো সম্ভব নয়।
বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশ্রাফ আলী বলেন, তাঁর বাড়ি থেকে ভোলমারা স্লুইসগেট পর্যন্ত তিন কিলোমিটার সড়কের সাত থেকে আটটি গর্ত হয়ে গেছে। দক্ষিণ বড় মাছুয়া গ্রাম থেকে নিজামিয়া বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়কে পাঁচ থেকে সাতটি স্থান ভেঙে গেছে।
সাপলেজা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবু সালেহ বলেন, খেতাছিঁড়া থেকে হাজীগঞ্জ বাজার পর্যন্ত আড়াই কিলোমিটার পাকা সড়কের সাতটি স্থান ও কচুবাড়িয়া স্কুল থেকে খেতাছিঁড়া ওয়াবদা বেড়িবাঁধ পর্যন্ত এক কিলোমিটার জায়গায় চারটি স্থানে সড়ক ভেঙে নালা হয়ে গেছে।
তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার জানান, বান্দাঘাটা থেকে তুষখালী নাথপাড়া পর্যন্ত আড়াই কিলোমিটার বেড়িবাঁধটি দুই বছর আগে নির্মাণ করা হয়। কয়েক দিনের অস্বাভাবিক জোয়ারে বাঁধের পাঁচ থেকে ছয়টি স্থান ভেঙে গেছে। ভাঙা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢোকায় ওই এলাকার সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া জুলফিকার শরিফের বাড়ি থেকে ইউনুস মেম্বারের বাড়ি পর্যন্ত সড়ক ও মান্নান আকনের বাড়ি থেকে নিউমার্কেট পর্যন্ত মোট এক কিলোমিটার পাকা সড়কের কয়েকটি স্থান ভেঙে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মঠবাড়িয়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. উজ্জ্বল হোসেন বলেন, অস্বাভাবিক জোয়ারের কারণে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রসময় মণ্ডল ও ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শামসুল হক অস্বাভাবিক জোয়ারের কারণে ক্ষতির কথা স্বীকার করে গতকাল জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে আরও কয়েক দিন সময় লাগবে। প্রাথমিকভাবে ১৫০টি ঘের ও সহস্রাধিক পুকুরের মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। এক হাজার ১০০ হেক্টর আমনের বীজতলা পানিতে তলিয়ে গেছে।