মঠবাড়িয়ায় বেড়িবাঁধ ভাঙা লক্ষাধিক মানুষ ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর প্রভাবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল বুধবার সকাল ও বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বলেশ্বর নদের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে বেড়েছে। বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, বলেশ্বর নদ-তীরবর্তী বেড়িবাঁধের চর ভোলমারা, কচুবাড়িয়া ও খেতাছিড়া এলাকায় ছয় কিলোমিটার বাঁধভাঙা। ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাস হলে বড় মাছুয়া, বেতমোড় রাজপাড়া, আমড়াগাছিয়া ও সাপলেজা ইউনিয়নের লোকালয়ে পানি ঢুকে পড়বে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ওই এলাকাগুলোর লক্ষাধিক মানুষ ঝুঁকিতে আছে। সাপলেজা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সালেহ বলেন, সিডরের সময় খেতাছিড়া গ্রামে বেড়িবাঁধ ছিল। তখন জলোচ্ছ্বাসে ৮০ জন মারা গেছে। এবার বেড়িবাঁধ ভাঙা থাকায় মানুষ খুব আতঙ্কে আছে। এদিকে দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জানান, রেড ক্রিসেন্টের ৯০০ স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। ৩৩টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, সব পাকা শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। লোকজনকে সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে। শুকনা খাবার ও শিশুখাদ্য মজুত রাখা হয়েছে। ১৬টি মেডিকেল দল গঠন করা হয়েছে।