মঠবাড়িয়ায় ব্র্যাক কার্যালয় ও তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত শনিবার রাতে স্থানীয় ব্র্যাক কার্যালয় ও তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় এক নারীসহ দুজন আহত হয়েছে।মঠবাড়িয়া ব্র্যাকের শাখা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, রাত দুইটার দিকে আট থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ব্র্যাকের মঠবাড়িয়া এরিয়া কার্যালয়ের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে। তারা কার্যালয়ের ওপরতলায় থাকা ব্র্যাকের হিসাবরক্ষক অমল কৃষ্ণ বাড়ৈসহ (২৮) অন্য কয়েকজন কর্মচারীকে জিম্মি করে সিন্দুকে রাখা তিন লাখ ২৭ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি ও চারটি মুঠোফোনসহ অন্য জিনিসপত্র লুট করে। এ সময় বাধা দেওয়ায় ডাকাতের হামলায় অমল কৃষ্ণ আহত হন।স্থানীয় সূত্র জানায়, একই রাত পৌনে একটার দিকে পৌর শহরের উত্তর কলেজ সড়কের সৌদি আরব প্রবাসী আবু জাফরের বাড়ির দরজা ভেঙে একদল ডাকাত ভেতরে ঢুকে ৫০ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে। ডাকাতদের হামলায় গৃহকর্ত্রী তাসলিমা ইয়াসমিন (৩০) গুরুতর জখম হন। পরে একই ডাকাত দল আবু জাফরের প্রতিবেশী নূরুল হকের বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে দরজা খোলায়। তারপর পরিবারের লোকজনকে দড়ি দিয়ে বেঁধে ৬৮ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতেরা পালিয়ে যায়। এদিকে রাত একটার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের শুকুরঞ্জন হাওলাদারের ঘরের দরজা ভেঙে পাঁচজনের একটি ডাকাত দল ১৫ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে।মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রব খান জানান, পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।এদিকে পুলিশ সুপার এম এম আক্তারুজ্জামান জানান, এসব মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ আল মামুনকে দায়িত্বে অবহেলায় মঠবাড়িয়া থেকে প্রত্যাহার করে পিরোজপুর পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।