পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মা (৪০) ও মেয়েকে (১২) ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। উপজেলার টিকিকাটা ইউনিয়নে গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এলাকাবাসী, নির্যাতিতাদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, টিকিকাটা ইউনিয়নে এক দিনমজুরের বসতভিটার জমি নিয়ে একই এলাকার সহিদুল হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার রাতে ওই দিনমজুর বাড়িতে ছিলেন না। এ সুযোগে রাত আড়াইটার দিকে সহিদুল ও খলিলসহ চার-পাঁচজন লোক দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। তাঁরা মা ও মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যান।নির্যাতিত গৃহবধূ বলেন, ‘মাঝ (মধ্য) রাইতে চার-পাঁচজন মানুষ ঘরের দুয়ার ভাইঙ্গা মোরে আর মাইয়াডারে বাইন্দা হালায়। হের পর তিনজনে মোগ বেইজ্জত (ধর্ষণ) করে। মুই সহিদুল ও খলিলেরে চিইন্না (চিনে) হালাই।’ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইসমাইল খান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার মা ও মেয়েকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, সন্দেহ করা হচ্ছে, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই দিনমজুর সহিদুল ও খলিলকে আসামি করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য মা ও মেয়েকে আজ শনিবার পিরোজপুরের সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হবে।