মঠবাড়িয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণায় ছাত্রলীগ নেতারা বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিককে (৪০) কুপিয়ে জখম করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মঠবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ জানান, গতকাল শনিবার দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নে বিএনপি-সমর্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের কর্মিসভা ছিল। ওই সভায় যোগদানের জন্য উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা সাপলেজায় যান।
দুপুর পৌঁনে ১২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক শহিদুল ইসলাম ও মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আবু বকরকে কুপিয়ে জখম করে।
স্থানীয় লোকজন বকরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপির নেতারা গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করে। খবর পেয়ে আমি সেখানে গিয়ে তাঁদের রক্ষা করি।’ মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহিদ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।
এদিকে বেলা দুইটার দিকে স্থানীয় প্রেসক্লাবে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী উমেঞ্চ সালমা সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে রুহুল আমিন অভিযোগ করেন, উপজেলার সাপলেজা, আমড়াগাছিয়া ও গুলিসাখালী ইউনিয়নে তাঁর কর্মীদের প্রচারণা না চালানোর জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা হুমকি দিচ্ছেন।
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও দলের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আশরাফুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বা তাঁর কোনো কর্মী কাউকে হুমকি দেননি।