মঠবাড়িয়ায় রুবেল হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর গ্রামের কলেজছাত্র মো. রুবেল আকনকে (১৭) হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।
এদিকে ২০০৩ সালের ১১ জুলাই সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ দেবনগর স্কুলমাঠে আনোয়ারুল ইসলামকে হত্যার মামলায় পাঁচজনকে যাবজ্জীবন ও একজনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। গতকাল সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) এ রায় দেন। যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তিরা হলেন দেবনগর গ্রামের রাশেদুল ইসলাম ওরফে রাশেদ, জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম, নুর ইসলাম ও আবদুল মোতালেব। আর আসামি কামরুল ইসলামকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়।
একই দিন চাঁদপুরের মতলব উত্তরে স্কুলছাত্র মিরাজ মিয়া হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন সাজা দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ। সাজা পাওয়া আসামিরা হলেন উপজেলার সেলিম প্রধান, হাশেম ব্যাপারী, আলী আশ্বাদ, মনোয়ারা বেগম, মতিন মিয়া ও নান্নু।
পিরোজপুরে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামের মিরাজ জমাদ্দার, কালাম পহলান ও আবদুল জলিল। যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তিরা হলেন একই গ্রামের ফারুক খান, তাঁর ছেলে জাহিদুল ইসলাম ওরফে নিপুণ ও গ্রামের আবদুল মান্নান খান ও তাঁর শ্যালক বাগেরহাটের শরণখোলার মো. রিয়াজ। মিরাজ জমাদ্দার ঘটনার পর থেকেই পলাতক। রায় ঘোষণার সময় অন্য ছয় আসামি আদালতে হাজির ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, উত্তর মিঠাখালী গ্রামের হাবিবুর রহমান আকনের সঙ্গে প্রতিবেশী ফারুক খানের জমি নিয়ে বিরোধ ছিল। এ ছাড়া একই গ্রামের আবদুল মান্নান খানের এক মেয়ের সঙ্গে হাবিবুরের ছেলে মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রুবেল আকনের প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে আবদুল মান্নান রুবেলের ওপর ক্ষিপ্ত ছিলেন। এ ঘটনার জের ধরে আসামিরা রুবেলকে হত্যার পরিকল্পনা করেন। ২০০৮ সালের ২২ জুন সন্ধ্যায় রুবেলের বন্ধু মিরাজ পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রুবেলকে মিরাজদের বাড়ির পেছনে খালপাড়ে নিয়ে গলা কেটে হত্যার পর লাশ খালে ফেলে দেন আসামিরা। এ ঘটনায় ২৩ জুন রুবেলের বাবা হাবিবুর রহমান হত্যা মামলা করেন। পরে কালাম ও আবদুল জলিলকে গ্রেপ্তার করলে তাঁরা হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০০৯ সালের ১৮ মার্চ পুলিশ মামলার তদন্ত শেষে এজাহারভুক্ত দুই আসামি ফারুক খান ও আবদুল মান্নান খানকে বাদ দিয়ে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর বাদী আদালতে নারাজি দিলে বিচারক ফারুক খান ও আবদুল মান্নান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় ১৩ জনের সাক্ষ্য, আলামতসহ সবকিছু পর্যালোচনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন সাজা দেন বিচারক।