পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার টিকিকাটা ইউনিয়নের পাঁচশত কুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ফরিদ মুন্সী, আবু জাফর, আম্বিয়া বেগম, রহিমা বেগম, মিজান হাওলাদার, সোহাগ হাওলাদার ও ইমন মৃধা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোশারেফ হাওলাদার ও মজিবর রহমান মুন্সীর মধ্যে ৮০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও হয়। ২০০৮ সালে মোশারেফ হাওলাদার আদালতের রায় পান।
চলতি আমন মৌসুমে মজিবর মুন্সীর লোকজন বিরোধপূর্ণ ওই জমির ১২ বিঘায় জোর করে আবাদ করেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মজিবরের লোকজন ওই জমিতে ধান কাটতে গেলে মোশারেফের লোকজন তাঁদের বাধা দেন। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ওই সাতজন আহত হন। তাঁদের মধ্যে ফরিদ ও আবু জাফরকে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।