মঠবাড়িয়ায় সাংসদ ও আ.লীগ পক্ষে সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের নির্দলীয় সাংসদ রুস্তম আলী ফরাজীর সভাস্থলে ছাত্রলীগ-যুবলীগের হামলা ও কর্মীদের মারধরের ঘটনায় সমঝোতা বৈঠক হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টার দিকে সাংসদের প্রতিনিধি, আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের মধ্যে এ বৈঠক হয়।
ইউএনও মো. আহসান হাবিবের সভাপতিত্বে ওই বৈঠকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক, সাংসদের ছোট ভাই ইব্রাহিম খলিল ফরাজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ উল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদসহ উভয় পক্ষের ১২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইব্রাহিম খলিল ফরাজী বলেন, ‘আমাদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে যে ভুল-বোঝাবুঝি হয়েছিল, তা আলোচনার মাধ্যমে নিরসন হয়েছে। ভবিষ্যতে মামলা ও হামলায় না জড়িয়ে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান করার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে।’
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ বলেন, ‘সাংসদের নির্দেশে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে আমাদের সঙ্গে সাংসদের বিরোধ দেখা দেয়। প্রশাসনের উদ্যোগে দুই পক্ষ বসে বিষয়টি মিটমাট করে ফেলেছি।’
ইউএনও আহসান হাবিব বলেন, ভবিষ্যতে কোনো ধরনের হামলা মামলায় জড়াবে না বলে উভয় পক্ষ অঙ্গীকার করেছে।
১৫ জুলাই সাংসদের সমর্থক সগির মল্লিককে কুপিয়ে জখমের ঘটনায় মামলায় গত সোমবার সন্ধ্যায় সাফা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মামুনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে সাংসদের ভাতিজা স্বপন ফরাজীকে মারধর করেন। মামুনুরের গ্রেপ্তারের প্রতিবাদে গত মঙ্গলবার সকালে সমাবেশ ডাকে যুবলীগ। একই দিনে সাংসদের ভাতিজাকে মারধরের ঘটনায় স্থানীয় ডাকবাংলোয় সমাবেশ ডাকা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সাংসদের সভাস্থলে ছাত্রলীগ যুবলীগের নেতা-কর্মীরা ভাঙচুর চালিয়ে কয়েক জনকে মারধর করেন।
গতকাল প্রথম আলোয় ‘সাংসদের কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের হামলা: আহত ৮’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।