মঠবাড়িয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি। কারণ, এক সপ্তাহ ধরে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুর রহমানের সমর্থকেরা বিএনপি-সমর্থিত প্রার্থীর প্রচারণায় বাধা এবং তাঁর নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আগামীকাল রোববার এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন ওরফে দুলাল অভিযোগ করেন, আওয়ামী
লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান ভোটকেন্দ্র দখলে নিয়ে কারচুপি করার পরিকল্পনা করছেন।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় ১০-১২টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর ৩৪ জন কর্মী আহত হয়েছেন। এ ছাড়া বিএনপির সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন হাওলাদার অভিযোগ করেন, বকসির ঘাটচোরা গ্রামে বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগের কর্মীরা এলাকা ছাড়ার হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আশরাফুর রহমানের বাড়ি মধ্যসোনাখালী গ্রামে। ওই গ্রামের হিন্দু ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে প্রকাশ্যে আশরাফুরকে ভোট দিতে বলছেন তাঁর সমর্থকেরা।
সাধারণ ভোটাররা জানান, সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না হলে অনেক ভোটার ভোটকেন্দ্রে যাবেন না। জাতীয় পার্টি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হেমায়েত খান অভিযোগ করেন, সরকারদলীয় সন্ত্রাসীদের তাণ্ডবে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন।
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান বলেন, ‘আমার কর্মী-সমর্থকেরা এ ধরনের কোনো কাজে জড়িত নন।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহিদ জানান, গত এক সপ্তাহে চারটি নির্বাচনী সহিংসতার খবর তিনি জানেন। একটি ঘটনার অভিযোগ পেয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জানান, সহিংসতা বন্ধে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।