মঠবাড়িয়ায় সেতু ভেঙে ১২ পথে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি সেতু ভেঙে যাওয়ায় মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা উপজেলার সঙ্গে ১২টি পথে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে দুই উপজেলার কয়েক লাখ মানুষ।
পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ জুন সকালে পাথরবোঝাই দুটি ট্রাক একসঙ্গে মঠবাড়িয়া-চরখালী সড়কের গুদিঘাটা বেইলি সেতুর ওপর ওঠে। এ সময় সেতুটি ভেঙে ট্রাক দুটি খালে পড়ে যায়। ফলে মঠবাড়িয়া ও পাথরঘাটার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ ১২টি পথে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়। লোকজনকে এখন পাথরঘাটা থেকে ৩৬ কিলোমিটার এবং মঠবাড়িয়া সদর থেকে ৬ কিলোমিটার অটোরিকশা, টমটম ও মোটরসাইকেলে করে গুদিঘাটা পর্যন্ত আসতে হচ্ছে। এরপর নৌকায় খাল পার হয়ে বাসে উঠতে হচ্ছে। অন্যদিকে যাঁরা ঈদ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে এলাকায় ফিরছেন, তাঁদের বাস থেকে গুদিঘাটায় নেমে নৌকায় পার হয়ে একইভাবে মঠবাড়িয়া ও পাথরঘাটায় যেতে হচ্ছে।
গত শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, ভেঙে যাওয়া বেইলি সেতুটি থেকে প্রায় ১৫ হাত দূরে খালে বাঁধ দেওয়ার জন্য পাইলিংয়ের কাজ চলছে। লোকজন নৌকায় খাল পার হচ্ছেন। আর ছোট যানবাহন দুই কিলোমিটার ঘুরে বিকল্প একটি সড়ক দিয়ে চলাচল করছে। সড়কটি সরু হওয়ায় যানজট লেগেই আছে। ফলে এই পথ পার হতে অনেক বেশি সময় লাগছে।
ঢাকা থেকে ঈদে বাড়িতে আসা বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের জাকির হোসেন বলেন, ‘সেতু ভেঙে যাওয়ায় আমাদের ভোগান্তির শেষ নেই। ঢাকার বাসে গুদিঘাটা পর্যন্ত এসে মালামাল নামিয়ে অটোতে তুলে বাড়ি যাচ্ছি। গুদিঘাটা থেকে মঠবাড়িয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকেরা।’
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বী বলেন, ভেঙে যাওয়া সেতুর স্থলে কালভার্ট নির্মাণ করা হবে। তার আগে খালে বাঁধ দিয়ে বিকল্প সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এ কাজ শেষ হলে সরাসরি যান চলাচল শুরু হবে।