মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় মো. আবু সরদার (৫৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার খায়েরঘটিচোরা গ্রামে। তিনি স্থানীয় মধ্য গিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে আবু সরদার খায়েরঘটিচোরা গ্রামের বাড়ি থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে মঠবাড়িয়া যাচ্ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে মঠবাড়িয়া-মিরুখালী সড়কের হারজী এলাকায় তাঁকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবু সরদার ও মোটরসাইকেলের চালক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আবু সরদারকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফেরদৌস ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আবু সরদারের মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, পরিবারের সদস্যদের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।