মঠবাড়িয়ায় হামলায় আহত ক্লিনিকমালিকের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ক্লিনিকের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত শাহিন মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শাহিন পৌর শহরের পল্লি সার্জিক্যাল ক্লিনিকের মালিক ও উপজেলার টিকিকাটা ইউনিয়নের সূর্যমণি গ্রামের শাহ আলমের ছেলে। গত শুক্রবার ভোর পাঁচটার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশ শহরের থানাপাড়া মহল্লার রুহুল আমিনের ছেলে মো. রাজীবকে (৩০) গ্রেপ্তার করেছে। পুলিশ ও শাহিনের পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের পাথরঘাটা বাসস্ট্যান্ডে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে শাহিনের যৌথ মালিকানায় হাড়ভাঙা চিকিৎসালয় নামে একটি অনুমোদনহীন ক্লিনিক চলছিল। সাত মাস আগে মালিকানা নিয়ে বিরোধ দেখা দেওয়ায় শাহিন ‘পল্লি সার্জিক্যাল’ নামে নতুন একটি ক্লিনিক খোলেন।
১৬ ডিসেম্বর রাতে শাহিন বাড়ি যাওয়ার পথে রফিকুল ইসলামের নেতৃত্বে সাত থেকে আটজন যুবক তাঁকে কুপিয়ে জখম করে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহামঞ্চদ আবু যাহিদ জানান, ক্লিনিকের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। শাহিনের মায়ের দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে।