মঠবাড়িয়ায় হাসপাতাল ও থানা ভবনে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা ভবনের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ভবন দুটির দেয়াল ও ছাদ ধসে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালের টিকিট বিক্রয়কেন্দ্রের দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম বলেন, ‘ছয় মাস আগে হঠাৎ ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়। এর পর থেকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করে যাচ্ছি।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দেয়ালের ফাটলের কথা জানিয়ে সংস্কারের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি পাঠানো হয়েছে। এদিকে থানার দোতলা ভবনের চারটি কক্ষের দেয়ালে ফাটল রয়েছে। এর মধ্যে পুলিশ পরিদর্শক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শকেরা বসে কাজ করেন। এ ছাড়া দোতলার একটি কক্ষে কনস্টেবলরা বাস করেন। ২০০৯ সালে থানা ভবন নির্মাণ করা হয়। ২০১২ সালের প্রথম দিকে উপপরিদর্শকদের কক্ষসহ ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। সেই সময় থেকে বিভিন্ন দেয়ালের পলেস্তারাও খসে পড়তে শুরু করে।মঠবাড়িয়া থানার ওসি এস এম এ জাহিদ বলেন, ‘সাভারের ঘটনার পর ভবনটি নিয়ে আমরা আতঙ্কিত।’