
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য বড়মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ঊর্মি আক্তারকে ধর্ষণ শেষে হত্যার প্রতিবাদ ও খুনির বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ১২টি স্থানে ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখা বেলা আড়াইটা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে। পৌর শহরের তুষখালী সড়কে স্থানীয় ৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে। এ ছাড়া উপজেলার ১১টি ইউনিয়নে একটি করে বিদ্যালয় বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করে। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মঠবাড়িয়া শহরের তুষখালী সড়কে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মো. আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফ উল হক, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, শিক্ষক জাহানারা বেগম, মো. মোশারফ হোসেন, শহীদুল ইসলাম, কাজল দাস, সুমন্ত্র হাওলাদার, সাইদুল কবির প্রমুখ।
মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন বলেন, ‘ঊর্মি হত্যা মামলাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। হত্যা মামলার সন্দেহভাজন আসামি সগির আকনকে দুই দফা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত শেষে শিগগিরই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।’
গত ২১ জুলাই ঊর্মি আক্তার নিখোঁজ হয়। ২৩ জুলাই নালায় ঊর্মির লাশ পাওয়া যায়।