মঠবাড়িয়ায় ২৪৭ জন দ্বৈত ভোটার শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ছবিযুক্ত ভোটার তালিকায় ২৪৭ জন দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন দ্বৈত ভোটারদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার সুযোগ দিলে গত জুলাই মাসে উপজেলার ১১৮ জন দ্বৈত ভোটার কমিশনে ক্ষমা চেয়ে আবেদন করেছেন।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ওই সময়ে মঠবাড়িয়া উপজেলায় এক লাখ ৫৯ হাজার ৬৭৫ জন ভোটার তালিকাভুক্ত হন। পরে কমিশন যাচাই বাছাই করে ২৪৭ জন দ্বৈত ভোটার শনাক্ত করে। ওই দ্বৈত ভোটাররা মঠবাড়িয়া উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ভোটার হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বি এম আজমল হোসেন জানান, ২৪৭ জন দ্বৈত ভোটারের মধ্যে ক্ষমা প্রার্থনা করে ১১৮ জন কমিশনে আবেদন করেছেন। তাঁদের আবেদন করা স্থানে ভোটার রেখে বাকিটা কর্তন করার সুপারিশ করা হয়েছে। যাঁরা এখনো আবেদন করেননি, তাঁদের আবারও লিখিত নোটিশ দেওয়া হবে। নোটিশ পেয়ে তাঁরা ক্ষমা প্রার্থনা করে আবেদন না করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।