মঠবাড়িয়ায় ৫৮টি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান
সংস্কারের অভাবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে চলছে শিশুদের পাঠদান। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মাস খানেক আগে ৫৮টির মধ্যে সাতটি বিদ্যালয় অধিক ঝুঁকিপূর্ণ ও ৫১টি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।অধিক ঝুঁকিপূর্ণের তালিকায় আছে আমুরবুনিয়া আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বকসির ঘটিচোরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম লক্ষ্মণা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, শাকারিকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় হারজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ মিঠাখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাঁকড়াবুনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।দক্ষিণ বকসির ঘটিচোরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বেগম বলেন, আর কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে ৫০০ শিক্ষার্থীকে এই জরাজীর্ণ ভবনেই পাঠদান করতে হচ্ছে। গত বছরও ছাদের পলেস্তারা খসে পঞ্চম শ্রেণীর চার শিক্ষার্থী আহত হয়েছিল। কিন্তু তার পরও ফাটল দেখা দেওয়া স্থানগুলো কোনোমতে পলেস্তারা করে কাজ চালানো হচ্ছে।বড় হারজী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়শা পারভীন জানান, দুর্ঘটনার আশঙ্কায় আর কোনো উপায় না পেয়ে নিজ বাড়ির বারান্দা ও উঠানে শিক্ষার্থীদের এনে বসাচ্ছেন। সেখানে স্থান সংকুলান না হওয়ায় দুই পালায় পাঠদান করা হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহামঞ্চদ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অধিক ঝুঁকিপূর্ণ সাতটিসহ বাকি ৫১টি বিদ্যালয়ের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবনগুলোর দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণের সুপারিশ করা হয়েছে।উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এলজিইডি সাতটি বিদ্যালয়ের ভবন একেবারে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেছে। সংশ্লিষ্ট দপ্তরে বিদ্যালয়ের ভবনগুলোর দশা জানিয়ে আবেদন পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে ওই সাতটি বিদ্যালয়ের ভবন নির্মাণে অগ্রাধিকার দেওয়া হবে।