মঠের অধ্যক্ষ হত্যা: আরও একজনের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শ্রী শ্রী সন্তু গৌড়ীয় মঠের অধ্যক্ষÿযজ্ঞেশ্বর চন্দ্র রায় (৫০) হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার জেএমবি সদস্য রমজান আলী (২০) আজ সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আইয়ুব আলী জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় রিমান্ড শেষ হওয়ার আগেই আসামি রমজানকে আদালতে হাজির করা হয়। রমজান ১৮ দিনের রিমান্ডে ছিলেন।
এর আগে গত ১ মার্চ আলমগীর হোসেন (৩০) ও ৬ মার্চ হারেজ আলী (৩৪) নামে অপর দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে ওই ঘটনায় করা পৃথক দুটি মামলায় তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। এ ঘটনায় গ্রেপ্তার সাত আসামির সবাই এখন কারাগারে।
আদালত সূত্র জানায়, আজ বেলা একটার দিকে আমলি আদালত-২ এ রমজানকে হাজির করে পুলিশ। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুন আসামিকে বেলা একটা থেকে চারটা পর্যন্ত চিন্তাভাবনা করার সময় দেন। তিন ঘণ্টা পর আসামি জবানবন্দি দিতে রাজি হন। বিকেলে চারটার দিকে রমজানকে বিচারকের খাস কামরায় নেওয়া হয়। সেখানে দুই ঘণ্টা ধরে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তবে জবানবন্দিতে আসামি রমজান কী বলেছেন, সে বিষয়ে তাৎ​ক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
গত ২১ ফেব্রুয়ারি মঠে গিয়ে দুর্বৃত্তরা যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে (৫০) গলা কেটে হত্যা করে। এ সময় মঠের সেবায়েত গোপাল চন্দ্রকে গুলি করা হয়।